ঢাকা, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রচারাভিযান শেষ করে আগামী রোববার রাজধানী ঢাকায় একটি কেন্দ্রীয় জনসভা করার কথা ছিল বিএনপির। তবে উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় নির্বাচনী প্রচারণার প্রয়োজনে এই সিদ্ধান্ত বাতিল করেছে দলটি।

তিনি বলেন, গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতাদের সভায় আলাপ-আলোচনা করে ৮ তারিখের (রোববার) সমাবেশ বাতিল করেছি। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল, আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছিলেন, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনের আগে বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে।