মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সাভার সেনা ক্যাম্পের আওতাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল গত সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুইজন ব্যক্তিকে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও মাদক সেবন ও ব্যবসার সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ০৬টি কাঁচি, ০৪টি ইয়াবা সেবনের পাত্র, ০৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতদের একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।
পরবর্তীতে আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।