শেরপুর, ০১ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে শেরপুরে নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে, ১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন। আল্লাহ তায়ালার গোলামি যারা করে তারা কালো মেঘ দেখলে ভয় পায় না।
তিনি বলেন, যারা মা-বোনদের কাপড় খুলে নিতে চায় তারা পশুর চেয়েও খারাপ। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, মায়েদের গায়ে হাত দিলে বাংলাদেশ বিস্ফোরিত হবে।
তিনি আরও বলেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে তুচ্ছ শান্তির জন্য হানাহানি হবে না, নোংরা ঘটনা ঘটবে না। রাজনীতির নাম যদি মানুষ খুন হয় সেই রাজনীতি আমরা ঘৃণা করি।
এদিকে, গত ২৮ জানুয়ারি বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়। আজ দুপুরে রেজাউল করিমের কবর জেয়ারত করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।