মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৮ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলার অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) জনাব এস. এম. এনামুল হক। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস টিম গত ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী এলাকা থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোসাঃ সাহিদা (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে মৃত শাজাহান ও মৃত মমতাজের কন্যা এবং স্বামী মোঃ রুবেল। তার বাড়ি কাসি মলতা এলাকায়, কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকা জেলায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা নং-৩৫, তারিখ-২৮/০১/২০২৬ খ্রিস্টাব্দ রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।