ঢাকা, ২৬ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সোয়া ১০টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় নির্বাচনী জনসংযোগকালে এ ঘটনা ঘটে। আজ দুপুর এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন এ তথ্য জানান।
তিনি বলেন, এদিন সকালে নির্বাচনী গণসংযোগকালে ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী আরিফুল ইসলামের ওপর বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীরের লোকজন হামলা করেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ঢাকা-১৮ আসনের ১০ দলীয় জোটের প্রচার বিভাগের প্রধান কামরুল হাসান বলেন, খিলক্ষেতের দুমনি ৪৩ নং ওয়ার্ডে নূর পাড়া মাদরাসায় একটি পোগ্রাম হচ্ছিল। সেই পোগ্রামে আরিফ আদীব অতিথি হিসেবে কথা বলেছিলেন। কথা বলার শেষের দিকে ওখানকার বিএনপির নেতা দিদার মোল্লার নেতৃত্বে হামলা হয়েছে। হামলায় মাদরাসা সুপারের ভাই আহত হয়েছেন। আমাদেরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ৯ জন আহত হয়েছেন। দুইজন গুরুতর। সেখানে এই হামলার প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি চলছে।
ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এটি কোনোভাবেই হওয়ার কথা নয়। আমাদের কেউ কারও ওপরে হামলা করার কথা নয়। বিষয়টি এখনো আমি শুনিনি। আমি জেনে আপনার সঙ্গে কথা বলবো।