মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৪ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলদার, পিপিএম। পেশাদারিত্ব, সততা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে দক্ষ ও কার্যকর নেতৃত্ব প্রদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়া থানায় দায়িত্ব পালনকালে ওসি মোঃ রুবেল হাওলদার অপরাধ নিয়ন্ত্রণে দৃঢ় ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশেষ করে চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্ট অপরাধ আশুলিয়া থানা এলাকায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

 

এছাড়া বিভিন্ন সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, মামলার তদন্ত ও নিষ্পত্তিতে গতি আনা এবং পেশাদার তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জন করেন। মানবিক দৃষ্টিভঙ্গি ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণের কারণে তিনি এলাকাবাসীর মাঝেও জনপ্রিয়তা অর্জন করেছেন।

 

ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ। সংশ্লিষ্টদের মতে, এই সম্মাননা আশুলিয়া থানার সকল পুলিশ সদস্যকে আরও দায়িত্বশীল ও উদ্যমী হয়ে কাজ করতে উৎসাহিত করবে।

 

এ বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় ওসি মোঃ রুবেল হাওলদার পিপিএম বলেন, “এই সম্মাননা আমার একার নয়; আশুলিয়া থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত পরিশ্রমের ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”