মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৪ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সংক্রান্ত দাবিতে চালকরা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

 

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা মহাসড়কের ওপর অবস্থান নেন। এতে প্রায় আধা ঘণ্টা ধরে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাভার মডেল থানার ওসি আরমান আলীসহ পুলিশের একাধিক টিম। তিনি অবরোধকারী চালকদের সঙ্গে কথা বলেন, তাদের দাবিদাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি মহাসড়ক অবরোধের ফলে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

 

পুলিশের আশ্বাসে চালকরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল। চালকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

 

উল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশা মহাসড়কে চলাচল আইনগতভাবে নিষিদ্ধ। তবুও দাবি আদায়ের উদ্দেশ্যে এদিন চালকরা সাময়িকভাবে মহাসড়ক অবরোধ করেন