পঞ্চগড়, ২৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা সদরের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। কেউ কেউ আছে বসন্তের কোকিল। বসন্তকাল আসলে কুহু কুহু ডাকে। অন্য সময় তাদের হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। তৃণমূল ও গরীব মানুষের সঙ্গে কোনো তাদের কোনো সম্পর্ক নেই।
জামায়াত আমির বলেন, দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, সামনেও পালাবো না।
বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গকে গরিব করে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সৎমায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে। উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। এই উত্তরবঙ্গ বাংলাদেশে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে। এই বঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই।
ড. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহর ওপর ভরসা করে বলতে চাই, এই উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়ার জন্য পাঁচটি বছর যথেষ্ট হবে। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে, ইনশাল্লাহ। এই এলাকার মাটি উর্বর। এই এলাকা পিছিয়ে থাকার কোনো প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে, পেছনে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, শুধু পঞ্চগড়ে নয়, বাংলাদেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ড. শফিকুর রহমান বলেন, ‘চুরি করে যে লক্ষ-কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো ওদের পেটের ভেতরে হাত ঢুকাইয়া আমরা বের করে আনব ইনশাল্লাহ। আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না। আমি বিশ্বাস করি, আজকের জনসভায় শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, ২৪ এর জুলাই যোদ্ধা, ৭১ এর বীররা রয়েছেন। আমরা আপনাদের সকলের কাছে ঋণী। আমরা সর্বশক্তি দিয়ে আপনাদের সন্মান করবো। দেশ সেবার সুযোগ পেলে, সরকার গঠনের সুযোগ পেলে, আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাল্লাহ।
বক্তব্য শেষ করার আগে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের হাতে শাপলা কলি প্রতীক এবং পঞ্চগড়-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী শফিউল আলমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন শফিকুর রহমান।