ঢাকা, ২২ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে টিআইবির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া কোটিপতি প্রার্থীদের বড় অংশই বিএনপির। একই সঙ্গে ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যাতেও দলটি শীর্ষে রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত বিশ্লেষণে দেখা গেছে, মোট কোটিপতি প্রার্থীর ৭২ শতাংশ বিএনপির এবং ঋণগ্রস্ত প্রার্থীর হারও দলটির মধ্যে সর্বোচ্চ। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজজামান বক্তব্য দেন।

 

টিআইবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১৯৮১ জন। প্রথমবার নির্বাচন করছেন ১৬৯৬ জন। এতে ১৩ শতাংশ স্বতন্ত্র, ৮৭ শতাংশ রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। এ ছাড়া ৩৬ শতাংশ ইসলামী দলের প্রার্থী প্রায় ৭৬ দশমিক ৪২ শতাংশ প্রার্থী স্নাতক পাস। প্রার্থীদের মধ্যে ৪৮ শতাংশ ব্যবসায়ী।

 

টিআইবি জানায়, নির্বাচনে প্রার্থীদের মধ্যে রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন ১ দশমিক ৫৬ শতাংশ প্রার্থী। প্রার্থীদের মধ্যে বছরে ১ কোটি টাকা আয় করেন এমন প্রার্থী সংখ্যা ১২৪ জন। ১০০ কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ আছে এমন প্রার্থী ১৩ জন।

 

টিআইবি জানিয়েছে নির্বাচনে ৮৯১ জন প্রার্থী কোটিপতি। এই তালিকার প্রার্থীদের মধ্যে বিএনপির রয়েছেন ৭১ দশমিক ৮৬ শতাংশ প্রার্থী, জামায়াতের ১৯ দশমিক ৮৫ শতাংশ প্রার্থী, জাতীয় পার্টির ১৮ দশমিক ৪৯ শতাংশ প্রার্থী, এনসিপির ১৪ দশমিক ৬৩ শতাংশ প্রার্থী রয়েছেন। একশ কোটি টাকা মালিক রয়েছেন ২৭ জন প্রার্থী।

 

টিআইবি জানায়, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে, যা মোট প্রার্থীর ২২ দশমিক ৬৬ শতাংশ। এ ছাড়া মোট প্রার্থীর সাড়ে ২৫ শতাংশ ঋণগ্রস্ত।