মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২০ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আশুলিয়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন ও সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে আশুলিয়ার জামগড়া এলাকা অবহেলিত ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরও এখন পর্যন্ত জলাবদ্ধতা নিরসনের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, জলাবদ্ধতার কারণে জামগড়া এলাকার অধিকাংশ ব্যবসায়ী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দোকানপাটে ক্রেতা কমে গেছে, ব্যবসা পরিচালনায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।