ঢাকা, ১৯ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া-মাহফিলের নামে দলটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এ সময় বর্তমান সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূ্ঁইয়া তার পাশে ছিলেন।
নাহিদ ইসলাম আসন্ন নির্বাচনের ভোটে কারও কোনো ধরনের কারসাজির বিষয়ে হুঁশিয়ার করেন। বলেন, ২০০৮ সালের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা এবার সফল হবে না।
নির্বাচনী আচরণবিধির বিষয়ে নির্বাচন কমিশনের দ্বিচারিতার অভিযোগ করেন নাহিদ ইসলাম। এনসিপি নেতা বলেন, ‘বিলবোর্ডে আমাদের ছবি থাকায় শোকজ দিয়েছে। আমাদের সেই বিলবোর্ড গণভোটের প্রচারণার অংশ হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে আমাদের ছবি আছে বলে শোকজ দিয়েছে। এদিকে তারেক রহমানের ছবি দিয়ে পুরো ঢাকা ছেয়ে গেছে। সে ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখেনি নির্বাচন কমিশনকে।’
নাহিদ আরও অভিযোগ করেন, দেশব্যাপী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করছে বিএনপি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট নেওয়া হবে। এখন চলছে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কাজ। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন।