ঢাকা, ১৮ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (১৮ জানুয়ার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, মতভিন্নতা, আদর্শ আলাদা হলেও দেশ ও দেশের মানুষের কথা ভেবে একসঙ্গে বসে আলোচনা করাই গণতন্ত্রের সৌন্দর্য। বাবার সঙ্গে দেশে ফেরার পর এই প্রথম জনপরিসরে কোনো অনুষ্ঠানে বক্তব্য দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা।
অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুভূতি জনিয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, ‘আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের পলিসি লেভেলে এটা আমার প্রথম বক্তব্য। আমি এমন কেউ নই যার কাছে সব সমস্যার উত্তর আছে বা সব সমস্যার সমাধান আছে। তবুও আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকে সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত।’
ব্যারিস্টার জাইমা রহমান বলেন, ‘আমরা কেউ-ই একরকম না। আমাদের আদর্শ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি আলাদা। তবুও আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি। কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। এই ভিন্নতা নিয়ে একসঙ্গে কথা বলছি, শুনছি—এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।
জাইমা আরও বলেন, ‘আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।’
জাইমা রহমান তার দাদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারোও করেন বক্তব্যে। এ সময় তিনি দাদির লন্ডনে চিকিৎসার সময় একজন নার্সের কথা উল্লেখ করেন, যিনি বেগম খালেদা জিয়ার বাংলাদেশে মেয়েদের বিনা মূল্যে শিক্ষার উদ্যোগ তার দেশেও অনুসরণ করেছিলেন বলে জানিয়েছিলেন।