মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৯ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিভাগীয় আপগ্রেডেশন প্রকল্পের আওতায় বিদ্যুৎ লাইনের উন্নয়নকাজের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)সহ দুমকি উপজেলার একাধিক এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, বিতরণ লাইনের আপগ্রেডেশন প্রকল্পের অংশ হিসেবে দুমকিতে ৩৩ কেভি লাইনের উন্নয়নকাজ চলমান রয়েছে। নির্ধারিত মেয়াদের মধ্যে কাজ সম্পন্ন করতে পটুয়াখালী-২ (বাউফল-দুমকি) বিদ্যুৎ উপকেন্দ্রের আওতাধীন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. থেকে প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে পবিপ্রবি ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেবে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং বিদ্যুৎ ব্যবহারে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।