ঢাকা, ০৭ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): অবশেষে ঢাকা–করাচি–ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি এই রুটে ফ্লাইট চালু হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।
ফ্লাইট পরিচালনার বিষয়ে বোসরা ইসলাম বলেন, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইট চলাচল করবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফ্লাইট সিডিউল অনুযায়ী- ঢাকা থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ৮টায়, করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টা। করাচি থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ১২টায়, ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিট।
নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৭ বছর ধরে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। লোকসানের কারণ দেখিয়ে ২০১৮ সালে এই রুটে ফ্লাইট বন্ধ করে দেয় পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পিআইএ।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয় বাংলাদেশের। এরই আবহে পাকিস্তানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার-সিয়াল বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পায়।