রাঙ্গামাটি, ০৬ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে,আজ মঙ্গলবার ৬ই জানুয়ারি বিদ্যালয় ও শিক্ষকদের মানহানীর প্রতিবাদে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সড়ক অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করে।
বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রী স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় বিদ্যালয়ের সামনের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করছে। তাদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড দেখা যায়। ছাত্রীদের এই আন্দোলনের কারণে সামনের রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সংবাদমাধ্যমকে জানান, ছাত্রীদের কিছু দাবিদাওয়ার প্রেক্ষিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি ছাত্রীদের শান্ত হওয়ার আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। ছাত্রীদের পক্ষ থেকে তাদের দাবিগুলো লিখিতভাবে জানানোর প্রক্রিয়া চলছে। তবে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য যে, রাঙামাটির অন্যতম এই বিদ্যাপীঠে এ ধরনের নজিরবিহীন আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দ্রুত আলোচনার মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।