ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে মুহুর্মুহু হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার (৩ জানুয়ারি) কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং বিভিন্ন এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে। খবর আলজাজিরা’র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দিয়েছেন।
কারাকাসে যেসব এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তার মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে। প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটায় রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভেনেজুয়েলা সরকার এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। সরকারের অভিযোগ, রাজধানী কারাকাসসহ বিভিন্ন প্রদেশে সামরিক স্থাপনা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, কারাকাস ছাড়াও মিরান্দা, আরাগুয়া ও লা গুইয়ারা প্রদেশে হামলার ঘটনা ঘটেছে।
ভেনেজুয়েলার সরকারি বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের দখল নেওয়ার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে এই প্রচেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে মাদুরো প্রশাসন।
পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমানঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের প্রভাবে পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া শহরের আকাশে সামরিক বিমান উড়তে দেখা গেছে বলেও অনিশ্চিত তথ্য পাওয়া গেছে।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওয়াশিংটনের দাবি, ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত স্পিডবোট লক্ষ্য করে যুক্তরাষ্ট্র নিয়মিত সামরিক অভিযান চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, মাদক পাচার ও সংগঠিত অপরাধের মাধ্যমে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঘটানো হচ্ছে।
এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।