ঢাকা, ০১ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আমদানিকৃত ও দেশে উৎপাদিত মোবাইল ফোনের ট্যাক্স কমানো হয়েছে। এই পদক্ষেপের ফলে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও ব্যাপকতা পাবে।

 

শফিকুল আলম বলেন, মোবাইল ফোন আমদানিতে আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশি উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

 

এই পদক্ষেপের ফলে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও ব্যাপকতা পাবে বলে আশা প্রকাশ করে প্রেসসচিব বলেন, দেশে প্রচুর পরিমাণে বিদেশে ব্যবহৃত মোবাইল ফোন আনা হয়, যার কিছু অংশ পুনরায় বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও ট্যাক্স থেকে বঞ্চিত হয়। ট্যাক্স কমানোর ফলে দেশীয় ফোনের চাহিদা বাড়বে এবং দামও কমতে পারে।

 

ব্রিফিংয়ে প্রেস সচিব নতুন বছরে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণের বিষয়েও কথা বলেন। ইতিমধ্যে অধিকাংশ বই পাঠানো হয়েছে এবং বিতরণ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ১২৩টি বইয়ের ভুল সংশোধন করা হয়েছে বলে জানান তিনি।

 

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ ইতিমধ্যেই শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। বাকি বই সময়মতো বিতরণের জন্য সরকার কাজ করছে।