ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফনের কার্যক্রম শুরু হয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজ হাতে মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেছেন।
এ সময় তারেক রহমানকে কবরে নামতে দেখা যায়। মাকে কবরে শায়িত করার পর সাড়ে ৪টার কিছুক্ষণ পর তিনি উঠে আসেন। এরপর মায়ের কবরে সবার আগে মাটি দেন তারেক রহমান। পরে তিন বাহিনীর প্রধান ও বিএনপির শীর্ষ নেতারাও কবরে মাটি দেন।
এদিকে কিছুটা দূরে অবস্থান করেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ পরিবারের নারী সদস্যরা। দোয়া শেষে একটি পাত্রে নেওয়া মাটিতে স্পর্শ করতে দেখা যায় তাদের।
এর আগে বিকেল ৩টার পর পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক তার জানাজা নামাজ পড়ান।
বেগম জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।