তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ৩০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ”বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে রাঙামাটিতে সপ্তাহব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি শোক সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাঙামাটি জেলা ও উপজেলা পর্যায়ে নিম্নলিখিত কর্মসূচি পালিত হবে:
আজ থেকে আগামী সাত দিন দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকল পর্যায়ের নেতা-কর্মীরা শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করবেন। জেলার প্রতিটি মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে।শোক সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তার মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারালো। রাঙামাটির সর্বস্তরের নেতা-কর্মী এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে শোকাহত।
উল্লেখ্য যে, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজা ও দাফন আগামী বুধবার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।