ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান।
এর আগে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গত ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হয়।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। ওই হিসেবে তার ৬৭ বছর পূর্ণ হবে ২০২৮ সালের ১৭ মে। অর্থাৎ প্রায় আড়াই বছর পর তিনি অবসরে যাবেন।
প্রয়াত বিচারপতি এএফএম আবদুর রহমান চৌধুরী ও বেগম সিতারা চৌধুরীর সন্তান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম করেন। পরে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজকোর্টে, ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন।