তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সকাল থেকেই ইনস্টিটিউটের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের এই আকস্মিক সড়ক অবরোধের ফলে রাঙামাটির গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাস্তার উভয় পাশে আটকা পড়ে ট্রাক, বাস ও সিএনজিসহ শতাধিক যানবাহন। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। বিশেষ করে জরুরি কাজে বের হওয়া মানুষ ও স্কুল-কলেজাগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা তাদের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।
আন্দোলনরত একজন শিক্ষার্থী বলেন”আমরা আমাদের নায্য দাবির জন্য গতকালও রাস্তায় ছিলাম, আজকেও আছি। প্রশাসন যতক্ষণ আমাদের সুনির্দিষ্ট আশ্বাস না দেবে, ততক্ষণ আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে।”
ঘটনাস্থলে স্থানীয় পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়।
প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে সড়ক থেকে সরলেও তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
উল্লেখ্য যে, শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরেই তাদের ৮ দফা দাবিতে দফায় দফায় এই ধরনের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।