বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ২২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথার বাঁম পাশে গুলিবিদ্ধ হয়েছে এবং জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সোমবার দুপুরে সাংবাদিকদের বলেন, মোতালেব এখন আশঙ্কামুক্ত। তার মাথার বাম পাশে গুলি লেগেছে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ড্রেসিং রুমে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে।
মাথার বাঁম পাশে গুলি লাগে এনসিপি নেতা মোতালেবের, সবশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক
এর আগে সোমবার বেলা ১২টার দিকে সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ মোতালেব শিকদারের পরিচয় তার পকেট থেকে পাওয়া একটি ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়। কার্ড অনুযায়ী, তিনি খুলনা বিভাগীয় জাতীয় শ্রম শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক। বিষয়টি এনসিপির একাধিক নেতাও নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।
এনসিপি খুলনা জেলার সাবেক সহসমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, মোতালেব শিকদারকে আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিক্যাল কলেজে নেওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। পরে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয়।