তপু বড়ুয়া–জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেয় এবং তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- ছাত্রাবাসের আবাসন সমস্যার সমাধান, মানসম্মত খাদ্যের নিশ্চয়তা, ল্যাবরেটরির আধুনিকায়ন এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের সরবরাহ নিশ্চিত করা।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছে।
সড়ক অবরোধের ফলে রাঙামাটি ও খাগড়াছড়ির মধ্যে সরাসরি যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।