ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনাকে দমন করা যায় না; বরং এমন হত্যাকাণ্ড সেই চেতনাকে আরও শক্তিশালী করে তোলে।
ডা. শফিকুর রহমান বলেন, হাদিরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছিল। তিনি দাবি করেন, যারা হাদিদের শত্রু, তারা কার্যত বাংলাদেশেরও শত্রু। কারণ হাদিরা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতেন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানাতেন।
তিনি আরও বলেন, এই দেশ ও জাতি আমাদের। দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো ষড়যন্ত্রকারীকে আর দেশের ভবিষ্যৎ নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না।
তিনি উল্লেখ করেন, হাদি আজীবন ন্যায়বিচারের কথা বলেছেন এবং শত্রুর প্রতিও অন্যায় না করার মানসিকতা পোষণ করতেন।