মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ১৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার ষষ্ঠ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ব্রাহ্মনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের পাঁচটি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১৩২ জন শিক্ষার্থী।
এর আগে সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে ২০২৪ সালের মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. গিয়াস উদ্দীন বলেন, এই পরীক্ষার মাধ্যমে মোট ২০ জন মেধাবী শিক্ষার্থীকে এক বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে।