এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ১৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে বাউফল উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পার্ঘ অর্পণ ও এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করেন।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে বিজয় দিবসের প্রথম প্রহরে স্থানীয় উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়। নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালি বের হয়। সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মীরা এ মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের দিন। এই দিনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকল শহীদ ও মুক্তিযোদ্ধার প্রতি আবারও শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বাউফল পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন , ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।