ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

আজ সোমবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামির উপস্থিতিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির ২ নম্বর সড়কের একটি জিম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

এদিকে একই রাতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। এ মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেও তার অনুসারীরা দেশে থেকে রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

 

অভিযোগ অনুযায়ী, আসামিরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোতে নিষিদ্ধ সংগঠন পুনর্বাসনের উদ্দেশ্যে গুজব ও প্রপাগান্ডা ছড়িয়ে আসছেন।

 

মামলায় আরও অভিযোগ করা হয়, এসব কর্মকাণ্ডের ফলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে এবং দেশের অবকাঠামো ধ্বংসের ষড়যন্ত্রে জড়াচ্ছে।