মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে চিকিৎসা পেশাকে মানবিক সেবায় প্রান্তিক মানুষের আস্থার জায়গা করে নিয়েছেন ডা. অমিতাভ তরফদার। আন্তরিক ব্যবহার, সততা, সহমর্মিতা আর দায়িত্ববোধ-এই চার গুণেই তিনি এখন স্থানীয়ভাবে ‘মানবিক ডাক্তার’ নামে পরিচিতি পেয়েছেন। ধনী-গরিব বিভেদহীন চিকিৎসা সেবা ও রোগীর সঙ্গে বন্ধুসুলভ আচরণ তাকে মানুষের কাছাকাছি নিয়ে গেছে অনেক বেশি।
রোগীর সঙ্গে সম্মানজনক আলাপন ও ধৈর্যকে চিকিৎসার প্রথম ধাপ মনে করেন তিনি। তাই কেউ চিকিৎসা নিতে এলে আগে তারা স্বস্থি পান তার ব্যবহারে। শহুরে আরামদায়ক কর্মপরিবেশ ছেড়ে সাধারণ মানুষের নাগালের ভেতরে মানসম্মত সেবা পৌঁছে দিতে তিনি দুমকি এলাকায় আসেন। বর্তমানে তিনি লুথ্যরান হেলথ কেয়ার বাংলাদেশে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বপালন করছেন। যোগদানের পর অল্প সময়েই প্রতিষ্ঠানটির হারানো আস্থা ফিরিয়ে আনেন তিনি।
২০১৩ সালের জুলাইয়ে এমবিবিএস ও ২০১৪ সালে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ডা. অমিতাভ নাইটিঙ্গেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বিভিন্ন বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালে লুথ্যরান হেলথ কেয়ারে যোগ দিয়ে প্রান্তিক মানুষের কাছে নির্ভরযোগ্য চিকিৎসক হিসেবে পরিচিতি পান। বিনামূল্যে চিকিৎসা দেওয়া, অসহায় রোগীদের জন্য নিজের টাকায় ওষুধ কিনে দেওয়া-এসব মানবিক উদ্যোগের কারণে বহু মানুষ তার কাছে বিশেষ কৃতজ্ঞ।
চিকিৎসা নিতে আসা মো. সাইফুল ইসলাম বলেন, গুণই মানুষকে ভালো ডাক্তার বানায়-ডা. অমিতাভ তার উদাহরণ। শিশু রোগীর মা সোনিয়া আক্তার জানান, তার সঙ্গে কথা বললেই রোগভীতি অনেকটাই কেটে যায়।
১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর খুলনায় জন্ম নেওয়া ডা. অমিতাভ একজন অবসরপ্রাপ্ত নার্সিং সুপারভাইজারের সন্তান। ছোটবেলা থেকেই মানবসেবাকে জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছিলেন তিনি। সদালাপী, হাস্যোজ্জ্বল স্বভাব ও নৈতিক মূল্যবোধ তাকে আজ দুমকি ও আশপাশের এলাকায় ব্যাপক সম্মান ও ভালোবাসার মানুষে পরিণত করেছে।