ঢাকা, ০৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ শনিবার রাতেই নেবে মেডিকেল বোর্ড। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

 

পূর্ব ঘোষণামতে, শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে কাতার আমিরের প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে তার লন্ডন যাত্রা হওয়ার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে না পারায় যাত্রা স্থগিত হয়ে যায়। পরে কাতার সরকার জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর উদ্যোগ নিয়েছে। বিমান ভাড়া ও প্রয়োজনীয় সব ব্যবস্থাপনার দায়িত্বও কাতার সরকারই বহন করছে।

 

এদিকে শুক্রবার প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বেগম জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়। ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, প্রতিবেদন অনুযায়ী খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে।

 

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, আন্তর্জাতিক যাত্রার ঝুঁকি এবং চিকিৎসার অগ্রগতি বিবেচনা করে আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি লন্ডন যাবেন কি না। ইতোমধ্যে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। মেডিকেল বোর্ডের সঙ্গে তিনি পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

 

দলের শীর্ষ নেতারা জানান, টানা ১৩ দিন ধরে সিসিইউতে চিকিৎসাধীন থাকায় খালেদা জিয়ার অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিদেশ যাত্রা সম্পূর্ণই তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।”

 

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চক্ষুজনিত জটিলতাসহ নানাবিধ সমস্যায় ভুগছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।