আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন(MEFWD), পরিবার পরিকল্পনা অধিদপ্তর(DGFP) মাঠ পর্যায়ের কর্মচারী পরিবার কল্যাণ পরিদর্শিকা(FWV), পরিবার কল্যাণ সহকারী(FWA) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক(FPI) দের বৈষম্য দূর করে যুগোপযোগী নিয়োগবিধি-২০০৪ বাস্তবায়ন সহ পদোন্নতির দাবিতে ২য় দিনের মত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলছে।
আজ ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা এ কর্মসূচিতে অংশ নেন। নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। পরিবার কল্যাণ সহকারী মোছা. দিল আফরুজা ও মোছা. রোজিনা খাতুন জানান, ” গত ২৬ বছর ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়নই তাঁদের একমাত্র দাবি। দ্রুত নিয়োগবিধি কার্যকর না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
পরিবার পরিকল্পনা পরিদর্শক মো.মোস্তাফিজার রহমান সিজার জানান, ” দীর্ঘ সময়েও বিভিন্নভাবে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোন বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই কেন্দ্রিয় সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেশব্যাপী কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।” আরও বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ সহকারী মোছা. রওশনারা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রাশেদুল ইসলাম প্রমুখ। বক্তারা জানান,” শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্বেও তাঁরা একই পদে সারাজীবন চাকুরী করতে বাধ্য হয়েছেন। নিয়োগবিধি বাস্তবায়ন হলে -যাঁরা কর্তৃপক্ষের অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন তাঁরা বাস্তবসম্মত জীবন যাপনের নিশ্চয়তা পাবেন।”