ঢাকা, ৩০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন ও মহাসচিব অনক আলো হোসেন শাহেদী এক যৌথ বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের এই সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার ভূমিকা জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি-বিদেশি দালালচক্র যখন পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী শক্তিকে বিভক্ত করার অপচেষ্টায় লিপ্ত, তখন তাঁর অন্তর্ভুক্তিমূলক ও আপসহীন নেতৃত্ব সবাইকে একই কাতারে দাঁড় করানোর প্রেরণা জোগাচ্ছে।
নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিসের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও প্রশ্ন সৃষ্টি হয়েছে। রোগটির উৎপত্তি ও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রক্রিয়া ঘিরে যে রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশ জাস্টিস পার্টি তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। দলটির মতে, এই অসুস্থতা জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে, যা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়।
বিবৃতিতে অভিযোগ করা হয়, বিএনপি ও তার পার্শ্ববর্তী কয়েকটি কুচক্রী মহলের অসৎ অপতৎপরতার কারণে দেশের প্রকৃত জাতীয়তাবাদী শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ রাজনৈতিক সম্মিলন বারবার ব্যাহত হচ্ছে। এর ফলে গণতান্ত্রিক আন্দোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে বাধা সৃষ্টি হচ্ছে। নেতৃদ্বয় বলেন, “এই চরম সংকটকালে বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তির একমাত্র আলোকবর্তিকা ও ঐক্যের প্রতীক।”
বিবৃতিতে বাংলাদেশ জাস্টিস পার্টি দেশের সকল দেশপ্রেমিক মানুষ, জাতীয়তাবাদী রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্মের প্রতি একতাবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানায়। তারা সবাইকে ‘জাতীয়তাবাদী শক্তির লাইটহাউজ’ হিসেবে পরিচিত বিএনপির পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানায়।
একই সঙ্গে দলটি মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশব্যাপী দোয়া ও বিশেষ প্রার্থনার আহ্বান জানায়।