ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষা উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। সেই সময় তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে।

 

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, আজ দুপুর ১টায় আমি এভারকেয়ার হাসপাতালে তার খোঁজ নিয়েছি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

 

দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।