আজাদ হোসেন-জেলা প্রতিনিধি (নরসিংদী), ২১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভূমিকম্পে নরসিংদীর গাবতলী এলাকায় বাসায় দেয়াল চাপা পড়ে ওমর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই শিশুর বাবা উজ্জ্বল গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্পহয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী উপজেলা।
গুরুতর আহত অবস্থায় বাবা–ছেলেকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার বাবাকে গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।
নিহত শিশুর চাচা জাকির বলেন, ‘ভূমিকম্পের সময় তারা বাবা-ছেলে বাসায় ছিল। ওই সময় বাসার দেয়াল চাপা পড়ে বাবা এবং ছেলে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা শিশু ওমরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবাকে ঢাকা মেডিকেলের আইসিইউকে ভর্তি করা হয়েছে।’
জাকির হোসেন আরও বলেন, ‘নিহত শিশু ওমর একটি মাদরাসায় হেফজখানায় লেখাপড়া করত। তার বাবা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে অফিস সহকারী হিসেবে চাকরি করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা এলাকায়। বর্তমানে নরসিংদীর সদর গাবতলী এলাকায় ভাড়া থাকত।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ভূমিকম্পে নিহত শিশুর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় তার বাবা আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি রয়েছেন।’