ঢাকা, ১৪ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আট দলের আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের এই নায়েবে আমীর ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে।

 

তাহের বলেন, ‘আমরা ভেবেছিলাম, তিনি (প্রধান উপদেষ্টা) কোনো অন্যায় চাপে নতি স্বীকার না করে জনগণ ও দেশের স্বার্থে অটল থেকে সংস্কার কমিশনের দেয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকাল ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, সরকার কমিশনের সুপারিশকে গ্রহণ না করে, সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে, একটি দলের সঙ্গে ব্যাপক কম্প্রোমাইজ করে; জনগণের স্বার্থে নয়, একটি বিশেষ দলের স্বার্থে, অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। যার ফলে জনগণ ও দেশবাসী অনেক হতাশ হয়েছেন।’

 

এসময় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, ‘সরকারের আচরণ আমাদের এমনটা বিশ্বাস করতে বাধ্য করছে, এই সরকারের অধীনেও কোনও সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে শঙ্কা ও অস্থিরতা তৈরি হয়েছে। আমরা দেখছি, সরকার লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যাপারে আদৌ মনোযোগী নয়।’

 

একটি দলের ফাঁদে পা দিয়ে সরকার সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে দিয়েছে উল্লেখ করে তাহের বলেন, ‘নির্বাচনের দিন গণভোট হলে জনগণ গণভোটে আগ্রহ হারাবে।’

 

গণভোট এবং জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ তাহের বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই- প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন; একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন। আমরা আশা করি- সেটা পরিবর্তন করে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন।

 

সরকারের তিন উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, কমপক্ষে তিনজন উপদেষ্টা আছেন- যারা উনাকে (প্রধান উপদেষ্টা) মিস-গাইড করতেছেন; আমরা তাদের অপসারণ দাবি করছি। আপনারা আমাদের প্রশ্ন করবেন যে- তাদের নাম বলেন। আমরা আজকেও নাম বলতে চাই না। তবে প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম প্রেরণ করবো।

 

তিনি আরও বলেন, যদি তার পরও কোনো পরিবর্তন না আসে তাহলে আমরা প্রকাশ্যে এই নাম জানিয়ে দেবো কিনা সে ব্যাপারেও বিবেচনা করবো। মূলত জাতির সামনে তাদের প্রশ্নবিদ্ধ না করতে প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম পেশ করবো।