ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় কৃষক শক্তির আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী আগুন সন্ত্রাস দেখে মনে হচ্ছে, এই মুহূর্তে দেশে সরকার নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য নেই এত রাহাজানির পরও।
সারোয়ার তুষার বলেন, তথাকথিত লকডাউন লীগডাউনে পরিণত হয়েছে। নানা ছলেবলে বড় রাজনৈতিক দল গণভোট নিয়ে তালবাহানা করছে। গণভোট হলে বিপুল ভোটে মানুষ হ্যাঁ-কে বিজয় করবে।
সারোয়ার তুষার বলেন, ‘কৃষকপ্রধান দেশে কৃষকদের আত্মহত্যা করতে হয়। এর জন্য দায়ী দেশের রাজনীতি। দেশের কৃষকদের বাদ দিয়ে কিছু করলে তা অর্থ বহন করবে না। কৃষক শ্রমিক সংগঠিত হলে গণপরিষদ আদায় করে ছাড়বোই। একটি দলের প্রধান নেতা দেশের কৃষকদের গণভোটের মুখোমুখি দাঁড় করিয়েছে।
তিনি বলেন, কিছু দল জুলাই সনদকে নিজেদের স্বার্থ হাসিলের কাজে লাগানের চেষ্টা করছে। জুলাই সনদ অর্থহীন ডকুমেন্টারিতে পরিণত করতে দেব না
তিনি বলেন, সরকার নিজে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে। না হলে ভবিষ্যতে খাদে পড়তে হবে। শুধু তারাই খাদে পড়বে না, সাথে আমাদেরও নিয়ে খাদে পড়বে। জুলাই সনদের আদেশ রাষ্ট্রপতি জারি করলে সমস্যায় পড়তে হবে।
এনসিপি নেতা বলেন, শেখ হাসিনার বিচার কাজ ত্বরান্বিত করায় সরকারকে সাধুবাদ জানাই।