তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ​রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা বাতিল ও স্থগিতের প্রতিবাদে চাকরিপ্রার্থীদের তীব্র বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করল কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ প্রার্থীদের সঙ্গে আলোচনা শেষে স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ২১ নভেম্বর পুনরায় গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

​​গত ১৪ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি শেষ মুহূর্তে স্থগিত করে জেলা পরিষদ কর্তৃপক্ষ। এর আগে পরীক্ষাটির বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, বৈষম্য এবং জনসংখ্যানুপাতে শিক্ষক নিয়োগ না করার অভিযোগ তোলে বিভিন্ন মহল। এই স্থগিতাদেশের পরপরই জেলা পরিষদ কার্যালয়ে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়।

​পরীক্ষা বারবার স্থগিতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন চাকরিপ্রার্থী। স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে গত ১২ নভেম্বর প্রার্থীরা এক বিশাল বিক্ষোভ মিছিল করেন এবং রাঙ্গামাটি জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে। এ সময় কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়, যার ফলে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘসময় ধরে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

 

​বিক্ষোভ চলাকালীন প্রার্থীরা অভিযোগ করেন যে, একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার পরিবর্তে কর্তৃপক্ষ রহস্যজনক কারণে বারবার পরীক্ষা পিছিয়ে দিচ্ছে, যা প্রার্থীদের দুর্ভোগ বাড়াচ্ছে।

​বিক্ষোভের মুখে জেলা পরিষদ কর্তৃপক্ষ প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে, স্থগিত হওয়া পরীক্ষাটি দ্রুততম সময়ে সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়। বিক্ষোভকারী প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ২১ নভেম্বর পরীক্ষাটি পুনরায় আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন।