শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ১১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫-এ এক গৌরবোজ্জ্বল অর্জনের সাক্ষী হলো সুনামগঞ্জের দোয়ারাবাজার। ৭ই নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এ সম্মেলনে সুনামগঞ্জ জেলার গর্ব, শিক্ষাক্ষেত্রের নিবেদিত প্রাণ ও সমাজের আলোকবর্তিকা মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, সোনালী চেলা উচ্চ বিদ্যালয়, নরসিংপুর, দোয়ারাবাজার, সুনামগঞ্জ—কে ফোরামের কেন্দ্রীয় কমিটির ‘যুগ্ম মহাসচিব’ পদে নির্বাচিত করা হয়।
এই সম্মানজনক পদে নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জনাব মোঃ রফিকুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাঁর শিক্ষা, সংগঠন ও সমাজ উন্নয়নে নিরলস পরিশ্রমের প্রশংসা করেছেন সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষা অঙ্গনে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন। একজন সৎ, ন্যায়পরায়ণ ও দক্ষ সংগঠক হিসেবে তিনি শিক্ষক সমাজের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করেছেন। শিক্ষক কর্মচারীদের সমস্যার সমাধানে তাঁর উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ ইতিমধ্যেই শিক্ষক সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
তাঁর নির্বাচনে শিক্ষক সমাজে দেখা দিয়েছে এক নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার। স্থানীয় শিক্ষকরা জানিয়েছেন, রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। তাঁর মতো সৎ ও কর্মঠ নেতার উপস্থিতিতে শিক্ষক সমাজ তাদের ন্যায্য অধিকার আদায়ে আরও ঐক্যবদ্ধ হবে বলে সবার বিশ্বাস।
ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “মোঃ রফিকুল ইসলাম শিক্ষাঙ্গনে একজন নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর যোগ্য নেতৃত্বে সংগঠনের কাঠামো আরও সুসংগঠিত হবে এবং সারাদেশে শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ে নতুন দিগন্তের সূচনা হবে।”
অন্যদিকে তাঁর নিজ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ অর্জনে গভীর আনন্দ প্রকাশ করেছেন। বিদ্যালয়ের শিক্ষক পরিষদ, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান এই নিবেদিত শিক্ষাবিদকে।
মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি এই পদকে দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে দেখছি। শিক্ষক সমাজের উন্নয়ন, তাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করেন।”
এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো শিক্ষক সমাজে বইছে অভিনন্দনের জোয়ার। দোয়ারাবাজার থেকে সুনামগঞ্জ, এমনকি সারাদেশের শিক্ষক মহলে তাঁর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে।
শিক্ষা অঙ্গনের এই প্রাপ্তি শুধু একজন রফিকুল ইসলামের নয়, এটি পুরো সুনামগঞ্জের গর্ব, দেশের শিক্ষক সমাজের প্রেরণা।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে জনাব মোঃ রফিকুল ইসলামকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।