ঢাকা, ১০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনে সফলতা এসেছে। সভা শেষে জাসাসের নতুন প্রকাশনা উন্মোচন করা হয়।

 

মঈন খান বলেন, এটা কিন্তু ৩৬ জুলাই ছিল না। এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লাখ লাখ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছে। আর জুলাই আন্দোলনকে যারা শুধু ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করতে চান তারা নিজস্ব ইচ্ছায়ই করতে পারেন, তবে সেটা সঠিক বিশ্লেষণ নয়। এ আন্দোলনে দূর থেকে নেতৃত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে সফলতা এসেছে।

 

তিনি বলেন, ছাত্ররা জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিলেন, কিন্তু তারেক রহমান ১০ হাজার কিলোমিটার দূর থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ই আগস্ট ছাত্র-জানতার বলা হলেও এটি একদিনে হয়নি, বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে এ আন্দোলনে সফলতা এসেছে।

 

ড. মঈন বলেন, সমাজ ও সংস্কৃতি, এই দুটি বিষয়কে বাদ দিয়ে কোনো জাতি সামনের সমাজ এগিয়ে যেতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই উপলব্ধি থেকেই জাসাস প্রতিষ্ঠা করেছিলেন।

 

জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে সভায় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল চিন্না মিয়া হোসেন উপস্থিত ছিলেন।