বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৬ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ (বৃহস্পতিবার) যশোর টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট মেনে নেবে না। টালবাহানার পরিণাম শুভ হবে না।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট মেনে নেওয়া হবে না। বিএনপি মাঠে নামলে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাবে।
জুলাই সনদ ও গণভোট নিয়ে মতানৈক্য দূর করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব দেওয়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ সুগম করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানার পরিণাম শুভ হবে না।
আগামীকাল ৭ নভেম্বরের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘৭ নভেম্বর জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনতা জাতিকে মহাদুর্যোগ থেকে রক্ষা করেছিল।’
বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মৃতিচারণা করে দলের মহাসচিব বলেন, ‘তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী, কিংবদন্তিতুল্য নেতা। তিনি মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন; কখনো অন্যায়-অনিয়মের সঙ্গে আপস করেননি। শত নির্যাতন-অত্যাচারের মধ্যেও তিনি আদর্শে অবিচল ছিলেন।’
স্বৈরাচার পতনের আন্দোলনে তরিকুল ইসলাম দীর্ঘদিন সংগ্রাম করেছেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘কিন্তু স্বাধীন ও স্বৈরমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারেননি তিনি। আজকের বাংলাদেশে তার মতো নেতার খুব প্রয়োজন ছিল। তিনি বিরলপ্রজ নেতা ছিলেন, যাদের জন্ম ঘন ঘন হয় না।’ তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
সভায় বিএনপির মহাসচিব যশোর জেলার পাঁচটি সংসদীয় আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশলী টি এস আইয়ুব, মফিকুল হাসান তৃপ্তি, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাবিরা সুলতানা মুন্নি, আবুল হোসেন আজাদ, অমলেন্দু দাস অপু, জাহানারা সিদ্দিক, জাহাঙ্গীর বিশ্বাস, আলী আহম্মদ, মনোয়ার হোসেন, হাসান জহির, তানিয়া রহমান, জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ।
স্মরণ সভার মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলার বিভিন্ন থানা বিএনপির সভাপতি-সম্পাদক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।