ঢাকা, ০৪ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে কমিটির সেক্রেটারি করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের লক্ষ্যে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।