এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ০৪ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা না করায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক হতাশা ছড়িয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করলেও বাউফল আসনটি তালিকায় স্থান পায়নি।
এ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি সহিদুল আলম তালুকদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন ও সদস্য একে এম ফারুক আহমেদ তালুকদার ধানের শীষের প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন। তাদের এই তৎপরতায় উজ্জীবিত ছিলেন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরাও।
কিন্তু প্রার্থী ঘোষণার তালিকায় বাউফল আসনের নাম না থাকায় মুহূর্তের মধ্যেই নেমে আসে নিস্তব্ধতা। আজ সকাল এগারোটার দিকে বাউফলের বিভিন্ন সড়কে
সদস্য একে এম ফারুক আহমেদ তালুকদারের পক্ষ থেকে ধানের শীষের প্রচার-প্রচারণায় চালায় তাদের নেতা কর্মী বৃন্দ।
গতকাল তালিকা প্রকাশের এক ঘণ্টা আগেও শহরে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন মো. মুনির হোসেন। এ খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঢাকার উদ্দেশে রওনা দেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ তার প্রতিক্রিয়ায় বলেন, “বিএনপির প্রার্থী ঘোষণার তালিকায় বাউফলের নাম না থাকায় আমি হতাশ। তবে আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত এ আসনে মো. মুনির হোসেনই দলীয় মনোনয়ন পাবেন।”
এদিকে, সাবেক এমপি সহিদুল আলম তালুকদার ও ইঞ্জিনিয়ার একে এম ফারুক আহমেদ তালুকদারের নেতাকর্মী ও সমর্থকরাও আশাবাদ ব্যক্ত করেন যে, মনোনয়ন তাদের নেতাই পাবেন।
রাজনৈতিক মহলসূত্রে জানা গেছে, বিএনপির সাথে জাতীয় ঐক্যফ্রন্টের (এনসিপি) জোট হলে তাদের দলের প্রার্থীর জন্য এ আসনটি ছেড়ে দেয়া হতে পারে। আর এ কারণেই বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীরা এখনও আশাবাদী যে, শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে শিগগিরই এ আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং নির্বাচনী প্রচারণা আবারও জোরদার হবে।