মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ০২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নাশকতার ভয়ংকর পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে তানজিদুর রহমান তানজিল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২ নভেম্বর) ভোররাতে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মোল্লা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
গ্রেপ্তারকৃত তানজিদুর রহমান তানজিল (২৪) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, এছাড়াও সাভার মডেল কলেজ ছাত্রলীগের মানবিক বিভাগের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, রবিবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মোল্লা নগর এলাকা থেকে সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাভার মডেল কলেজ ছাত্রলীগের মানবিক বিভাগের সাবেক সভাপতি তানজিদুর রহমান তানজিলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার ভয়ংকর পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলন দমনে
তার ব্যাপক ভূমিকা রয়েছে বলে সে স্বীকার করেছে। তানজিলকে জিজ্ঞাসাবাদে অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে সাভারেও ভয়ংকর পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।