ঢাকা, ২২ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার বিগত সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার বর্তমান ও সাবেক ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলার শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ১৫ সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করে আসামিপক্ষের আইনজীবী এম সারোয়ার হোসেন বলেন, তারা অপরাধী হলে পালিয়ে যেতেন। যেমনটি শেখ হাসিনাসহ অন্যান্যরা পালিয়ে গেছেন।

 

এম সারোয়ার হোসেন বলেন, এসব কর্মকর্তারা কখনই গ্রেপ্তার ছিলেন না। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। তারা পালাননি। কারণ তারা হত্যা করেননি। যেমনটি আকবর, তারেক সিদ্দিকী ও মুজিব পালিয়েছেন। সাবেক এক আইজিপির রাজসাক্ষীতে জানা যায়, গুম- খুনে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত ছিলেন।

 

তিনি আরও বলেন, ‘এর আগে সেনা সদরের আদেশে সংযুক্তকৃত ১৫ জন অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সারেন্ডার করেছেন। তারা অনেক সিনিয়র অফিসার, অভিজ্ঞ অফিসার। আন্তর্জাতিক বাহিনীতেও অনেকে চাকরি করেছেন। ট্রাইব্যুনালে তারা বিচারের মুখোমুখি হওয়ার জন্যই আত্মসমর্পণ করেছেন। তারা সবাই আশা করেন, তারা এই আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।

 

বর্তমান কর্মকর্তারা এখনও বহাল আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।