ঢাকা, ২০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (২০ অক্টোবর) বিএনপির গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ৫০ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, আমরা ’৭১ ও ’২৪-কে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সর্বদা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব।
তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ৯ মাস একসাথে যুদ্ধ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা। কারো অবদান কম নয়। মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্ট নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে আগাতে চাই সবাই এক সাথে।
তিনি আরও বলেন, বাইরের কিছু কিছু মিডিয়া ও দেশ মিথ্যা প্রচারণা করছে। আমি বর্তমান সরকারকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সংখ্যালঘুদের বিপদে না ফেলার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব সোমনাথ দে, কপিল কৃষ্ণ মন্ডল, সমেন সাহা, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।