আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকার আলীনগর বাহাদুরপুর গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে গ্রামের একটি নির্জন হলুদের ক্ষেতে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। বর্তমানে ভুক্তভোগী নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাত সন্তানের জননী সাহিদা বেগম(৭০) প্রতিদিনের মতো দুপুরে গরু-ছাগল চরাতে মাঠে যান। এ সময় একই গ্রামের আকবর আলীর ছেলে আইয়ুব আলী (৫০) সুযোগ বুঝে তার হাত-পা ও মুখ বেঁধে পাশের হলুদের জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

 

পরে এলাকাবাসী ও স্বজনেরা বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

এ ঘটনায় অভিযুক্ত আইয়ুব আলী বর্তমানে পলাতক। স্থানীয়রা জানান, আইয়ুব আলী পূর্বেও একাধিকবার এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং সামাজিকভাবে জরিমানা দিয়ে রেহাইও পেয়েছেন।

 

এলাকাবাসীরা বলেন, “এমন লজ্জাজনক ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়।”

 

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, দ্রুত আসামিকে আইনের আওতায় আনা হবে।”

 

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

 

এদিকে স্থানীয় মানবাধিকার কর্মী ও সমাজকর্মীরা বলেছেন, একজন বয়োবৃদ্ধা নারীও আজ নিরাপদ নয়—এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।