ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, কেন তারা এই সনদে স্বাক্ষর করেনি— সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদের কোনও আইনি ভিত্তি নেই, বাস্তবায়নের সঠিক পন্থাও দেখানো হয়নি। তাই এনসিপি এই সনদে স্বাক্ষর করেনি এবং অনুষ্ঠানে যায়নি।’

 

তিনি বলেন, ‘এনসিপি জুলাই সনদকে শুধুমাত্র রাজনৈতিক সমঝোতার দলিল মনে করে না। বরং, এটি বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি ভেঙে গণতান্ত্রিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই এই সনদের একটি সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকা জরুরি।’

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যান্য সিনিয়র নেতারা। তারা বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের দাবি জানায় এনসিপি।

 

এর আগে শুক্রবার একটি লিখিত বিবৃতিতে এনসিপি জানায়, এক বছর ধরে রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সঙ্গে কাজ করে জুলাই সনদ ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত হয়েছে। এই পদ্ধতিতে রয়েছে— জুলাই সনদ আদেশ, গণভোট এবং সংবিধান সংস্কারের ক্ষমতা রাখে এমন সংসদ গঠন। কিন্তু সনদের মূল অঙ্গীকারনামায় এই বাস্তবায়ন পদ্ধতির কোনো উল্লেখ নেই।

 

এনসিপির ভাষ্য অনুযায়ী, বাস্তবায়ন রূপরেখা ছাড়া সনদে সই করা মানে হবে জনগণের সঙ্গে প্রতারণা, কারণ অতীতে রাজনৈতিক দলগুলো বহুবার নিজেরাই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

 

দলটি জানিয়েছে, তারা সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আদেশ এবং রূপরেখা প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর বিষয়ে সিদ্ধান্ত নেবে।