ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় চারটি মামলা ছাড়াই ধানমণ্ডি থানায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া ধানমণ্ডি থানাতে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম।
তিনি বলেন, “গতকালের ঘটনায় রাতেই ধানমণ্ডি থানায় একটি মামলা হয়েছে। এছাড়া আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এর আগে শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হন কয়েক শত ‘জুলাই যোদ্ধা’। তারা জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং দায়মুক্তি আইনের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে পুলিশ লাঠিচার্জ করে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ ও জুলাই যোদ্ধা—উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন বলে জানা গেছে।