গোসাইরহাট (শরীয়তপুর), ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আমরা যাকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করেছি, একটি দল তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে।
এ সময় এস এম জিলানী বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে পিরোজপুরের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আমরা বহিষ্কার করেছি। অথচ একটি দল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছে। ওরা ধর্মের নামে রাজনীতি করছে, এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘তারা একদিকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। কিন্তু বিএনপি এখনো কোনো আসনে প্রার্থী ঘোষণা করেনি, অথচ তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাদের মুখে এক, অন্তরে আরেক। পিআর মানে হচ্ছে— কোনো আসনে প্রার্থী থাকবে না, একটি দলের প্রতীকে ভোট হবে। কিন্তু তারা প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছে। এর মানে গভীর ষড়যন্ত্র চলছে, আমাদের সবাইকে এ থেকে সতর্ক থাকতে হবে।’
কর্মী সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল রাড়ি, জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।