ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার পুরানা পল্টন কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির এক জরুরি মিটিংয়ে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন পরিবেশ তৈরি হয়েছে, নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠ সবার জন্য উন্মুক্ত। দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন ৩০০ আসনে বিজয়ের জন্যই লড়াই করবে,৩০০ আসনই আমাদের লক্ষ্য । সংগঠন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।
মুফতি রেজাউল করীম বলেন, পিআর নিয়ে আমরা শেষ দিন পর্যন্ত আন্দোলন করে যাব। কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর ছাড়া আর কোন উপায় নাই। একই সঙ্গে বিকল্প পদ্ধতি হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতি আমাদের চলমান থাকবে, ৩০০ আসনই আমাদের লক্ষ। আর জোটের বিষয়ে যে ধরণের আলোচনা চলছে তা চলমান থাকবে। কোন আসনে কে প্রার্থী হবে সে বিষয়ে আলোচনা করার সময় এখনও আসে নাই বলেও উল্লেখ করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জোর দিয়ে বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই ধারাবাহিকতায় সরকারকে কাজ করতে হবে। কারণ কোন অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে ফেরত যেতে দেয়া হবে না।
জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের-মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।