ঢাকা, ০২ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন এবং তাঁর ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই।
হুমায়ুন কবির বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি দলের নেতৃত্বে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তাঁর ফেরা নিয়ে বিএনপির কোনো দুশ্চিন্তা নেই।’
তিনি আরও জানান, বিএনপি নেতৃত্বাধীন জোট আগামী জাতীয় নির্বাচন নিয়ে সক্রিয় প্রস্তুতি নিচ্ছে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকভাবে নির্বাচনের বিষয়টি দেখছেন। সময়মতো সবকিছু জানানো হবে— বলেন হুমায়ুন।
এ সময় সম্প্রতি নিউইয়র্কে ‘এনসিপি’ নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও লাঞ্ছিতের চেষ্টা বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘এই হামলা আবারও প্রমাণ করেছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে যারা কথা বলে, তারা আজ বিদেশেও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে।’
এদিকে, তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।